প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৯:২৪ এএম (ভিজিট : ৩৬)

X
ছবি: প্রতিনিধি
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ার সোনারপাড়ায় বাস্তবায়নাধীন "বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের জীবিকা উন্নয়ন প্রকল্প" পরিদর্শন করেছেন।
শনিবার (৪ জুলাই) দুপুরে প্রতিনিধি দলটি জাইকা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তাদের জানানো হয়, অস্বাস্থ্যকর পদ্ধতিতে শুঁটকি উৎপাদনের পরিবর্তে স্বাস্থ্যসম্মত ট্রে ওভেন প্রযুক্তি চালুর মাধ্যমে নিরাপদ ও মানসম্মত শুঁটকি উৎপাদন নিশ্চিত করা হচ্ছে। প্রকল্পের আওতায় স্থানীয় ১২০টি পরিবারকে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আয় বৃদ্ধি করতে পারেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দল উপকারভোগী তিনটি পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তারা ট্রে ওভেন পদ্ধতিতে শুঁটকি প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন ব্যয়, বাজারজাতকরণ, আর্থিক লাভজনকতা এবং নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।
এ সময় প্রকল্প পরিচালক ও জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার ধিমান গাইন, চিফ মনিটরিং অফিসার ইলিয়াস ইবনে কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে প্রতিনিধি দল কক্সবাজারের উদ্দেশে রওনা দেন।