
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পাটের জাক ভিজানোকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধূ আলো বেগমকে এলাকাবাসী উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় শনিবার বিকেলে আহত গৃহবধূ আলো বেগম বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় মোহাম্মদ ইসলাম, মফিজুল সর্দার ও আমেনা বেগমকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের মিতারা গ্রামের আকবর শেখ সম্প্রতি তার ভোগদখলীয় জমির পাশের একটি ডোবায় কিছু পাটের জাক ভিজিয়ে রাখেন। এ ঘটনাকে কেন্দ্র করে ৩ জুলাই শুক্রবার সকাল ৯টার দিকে একই এলাকার মফিজুল সর্দারের স্ত্রী আমেনা বেগম আকবর শেখের বাড়িতে এসে পাটের জাক সরানোর জন্য অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
এ সময় আকবর শেখের স্ত্রী আলো বেগম বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে আমেনা বেগম মাথায় আঘাত পেয়ে আহত হন।
অভিযোগে আরও বলা হয়, এর জের ধরে শনিবার সকাল ৮টার দিকে বাড়ির দক্ষিণ পাশে পাট কাটার শ্রমিকদের জন্য সকালের খাবার নিয়ে যাওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা আলো বেগমের পথরোধ করেন। এ সময় ধারালো কাচি দিয়ে এলোপাতাড়িভাবে তাকে কুপিয়ে আহত করা হয়।
তার চিৎকার শুনে পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটতে থাকা হুমায়ুন মিয়া ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যান। এতে আলো বেগমের বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।
এ বিষয়ে আমেনা বেগম বলেন, “আমাদের ডোবার মধ্যে না জানিয়ে পাটের জাক ভিজিয়ে রাখা হয়েছিল। সেটি সরানোর জন্য কয়েকবার বলা হয়েছে।”
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামিম আহমেদ বলেন, “এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”