
X
ছবি: প্রতিনিধি
কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ কর্মসূচির আওতায় উপজেলার ২৭০টি গ্রামের ৪ হাজার ৪০০ কৃষক পরিবারের মাঝে বিনামূল্যে বীজ, সার, বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হবে।
রোববার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মুকসুদপুরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আবুল বাসার মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে সরকারের কৃষিবান্ধব নীতির ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, মুকসুদপুর উপজেলার ২৭০টি গ্রামের ৪ হাজার ৪০০ কৃষক পরিবারের কাছে এ কর্মসূচির সুবিধা পৌঁছে দেওয়া হবে। বিতরণকৃত বীজ, সার ও চারা যথাযথভাবে ব্যবহার এবং পরিচর্যার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির বলেন, সরকারের চলমান বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২৫ কোটি চারা বিতরণের পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি বিতরণকৃত প্রতিটি চারার যথাযথ পরিচর্যার মাধ্যমে সেগুলোকে পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মো. আবিরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আমিন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, কৃষি বিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সামচুল আরেফিন মুক্তা, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মো. মামুন মোল্লা, ক্রীড়া সম্পাদক বাবুল শেখ, সদস্য নূর আলম শেখ ও মিরান গাজীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুধীজন।
অনুষ্ঠান শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে সরকারি কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ, সার, বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা এবং অন্যান্য কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। কৃষকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে।
কৃষি সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।