প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:৩৪ পিএম (ভিজিট : ২৭)

X
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গবীর রাতে মেঘনা নদীতে জাল দিয়ে মাছ ধরার সময় জলদস্যুর হামলায় দুই জেলে গুরুতর আহত হয়েছেন। লুটে নেয়া হয়েছে তাদের মাছ ধরার জাল, নগদ টাকা ও মোবাইল ফোন। ঘটনাটি ঘটেছে শনিবার ( ৪ জুলাই) রাত অনুমান ১টার দিকে কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানাগর এলাকায়।
জলদস্যুদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত আড়ােইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জেলে অহিদ মিয়া (৫৫) এবং পারভেজ (২৬) জানান, তারা আপন দুই ভাই। তাদের পিতার নাম বাচ্চু মিয়া। তারা মেঘনা নদীতে নৌকা নিয়ে জাল বেয়ে মাছ আহরণ করেন।
ঘটনার সময় তারা নদীতে মাছ ধরার সময় ৮/৯ জনের মুখোশ পরিহিত জলদস্যু অন্য একটি নৌকা যোগে এসে তাদের নৌকায় হানা দেয়। জলদস্যুরা তাদের দুই সহোদরকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে নগদ ৪০ হাজার টাকা, ৭৫ হাজার টাকা মূল্যের মাছ ধরার জাল এবং একটি মোবাইল ফোন লুটে নিয়ে চলে যায়। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।
এ ব্যাপারে খাগকান্দা নৌ পুলিশের ইনচার্জ মালেক খসরু খান জানান, বিষয়টি আমাদেরকে জানানো হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিব।