প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:৫৪ পিএম (ভিজিট : ৪৬)

X
সম্রাট হোসেন বাপ্পা
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা সম্রাট হোসেন বাপ্পা (৪১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
প্রায় ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার (৪ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সম্রাট হোসেন বাপ্পা দুপচাঁচিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি ছিলেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ জুন দুপচাঁচিয়া উপজেলার ভেলুরচক গ্রামে জমি নিয়ে রফিক আকন্দ ও তার ছোট ভাই আব্দুল করিম আকন্দের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই সময় আব্দুল করিমের নেতৃত্বে একদল লোক রফিক আকন্দের ওপর হামলা চালায়।
বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে সম্রাট হোসেন বাপ্পাও হামলার শিকার হন। হামলায় মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। এ সময় তার মা জোসনা বেগমও আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সম্রাটকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় সম্রাটের মা জোসনা বেগম বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় আব্দুল করিম আকন্দসহ আটজনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, মামলার প্রধান অভিযুক্ত আব্দুল করিম আকন্দ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের জানান, সম্রাট হোসেন বাপ্পার জানাজা শেষে দুপচাঁচিয়া উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।