প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:৪৩ এএম (ভিজিট : ৪২)

X
ছবি: প্রতিনিধি
চলমান বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় উদযাপনে নারীদের পোশাক ‘থ্রি-পিস’ পরে নৃত্য করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর টাঙ্গাইলের মির্জাপুরে এক বিএনপি নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতা হলেন মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুল ইসলাম মিন্টু। রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদের স্বাক্ষরিত দলীয় প্যাডে বহিষ্কারের এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চলমান বিশ্বকাপ ফুটবলে জাপানকে ২-১ গোলে পরাজিত করার পর ব্রাজিলের জয় উদযাপন করতে যান খন্দকার আমিনুল ইসলাম মিন্টু। এ সময় তিনি নারীদের পোশাক থ্রি-পিস পরে অদ্ভুত ভঙ্গিতে নাচ-গান করে আনন্দ প্রকাশ করেন। পরে সেই নাচের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়।
দলীয় সূত্রে জানা গেছে, এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে ওয়ার্ড বিএনপির সভাপতির পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে বহিষ্কৃত নেতা খন্দকার আমিনুল ইসলাম বলেন, “বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল দলের জয়ে আমি আনন্দ করেছি। আনন্দ করা যদি দলীয় শৃঙ্খলাবিরোধী হয়, তাহলে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আমার কিছু বলার নেই।”
মির্জাপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার থেকেই বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে।