বরিশালে আ.লীগের বিরুদ্ধে মামলা: আসামি বিএনপির ৬, মৃত ৪ ও জামায়াত নেতা

বরিশাল অফিস

সারাবাংলা

ককটেল-হাতবোমা বিস্ফোরণ, আগ্নেয়াস্ত্র নিয়ে মহাসড়ক অবরোধের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির ২৪৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

2026-07-06T11:04:15+00:00
2026-07-06T11:04:15+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বরিশালে আ.লীগের বিরুদ্ধে মামলা: আসামি বিএনপির ৬, মৃত ৪ ও জামায়াত নেতা
বরিশাল অফিস
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:০৪ এএম   (ভিজিট : ৬১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ককটেল-হাতবোমা বিস্ফোরণ, আগ্নেয়াস্ত্র নিয়ে মহাসড়ক অবরোধের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির ২৪৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির বরিশাল মহানগরের যুগ্ম সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মারজুক আব্দুল্লাহ। 

২০২৬ সালের জুন মাসের ঘটনায় বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিলকৃত ওই নালিশি মামলায় রয়েছেন কয়েক বছর আগে মারা যাওয়া আওয়ামীলীগের ৪ জন নেতা। তালিকা করে বাদ দেয়া হয়েছে জামায়াতের এক সাবেক কাউন্সিলরের নাম। 

আদালতের বিচারক মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তার মাধ্যমে নালিসি মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) ডাকাতি মামলার এই আসামীর ( মারজুক আব্দুল্লাহ) করা মামলায় নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। 

আবেদনকৃত মামলার বিবরণ সূত্রে জানা যায়, চলতি বছর ১০ জুন, ১৬ জুন ও ২২ জুন মামলায় অভিযুক্ত প্রধান বিবাদী বরিশাল সিটির সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগরের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত ও রাহাত আনোয়ার হাসপাতালের স্বত্তাধীকারী ডাঃ রাহাত আনোয়ারসহ বেশ কিছু নেতার আর্থিক সহায়তা ও পরামর্শে ১২০ থেকে ১৫০ জন কর্মী নগরীর গড়িয়ারপাড়, ভাঙ্গার পোল ও কাশিপুর মৃত্তিকা ভবনের সামনে বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে শেখ হাসিনার পক্ষে মিছিল করে। এমনকি টায়ারে অগ্নিসংযোগ ঘটিয়ে সড়ক আবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। বাদীসহ মামলার স্বাক্ষীরা মিছিলে ও সড়ক অবরোধে বাঁধা দিলে আসামীরা তাদের হত্যার হুমকি দেয়। 

এক পর্যায় তারা বিস্ফোরক জাতীয় দ্রব্য দ্বারা বিকট শব্দ সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে। তাই সন্ত্রাস বিরোধী আইনে ২ জলাই অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নগরীর ১০ নং ওয়ার্ডস্থ ক্লাব রোডের বাসিন্দা মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে বৈষম্যবিরোধী ছাত্রনেতা পরিচয় দেওয়া মো. মারজুক আব্দুল্লাহ একটি নালিসি মামলা দায়ের করেন। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ নালিশি মামলায় আনা অভিযোগ মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

ঘটনাটি এখানে শেষ হলে নিউজটি স্বাভাবিকই ছিলো। কিন্তুমামলাটি প্রশ্নবিদ্ধ হয়ে সমালোচনা কুড়িয়েছে কয়েক বছর আগে মারা যাওয়া আওয়ামীলীগের চার নেতাকে আসামী করায়। 

শুধু এটাই নয় শেখ হাসিনার পক্ষের এই মিছিলে ককটেল বিস্ফোরনের ঘটনায় আসামী করা হয়েছে বিএনপির সাবেক কাউন্সিলরসহ ৬ নেতাকে। মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছিলো জামায়াতের এক নেতাকে। পরে অবশ্য তার নাম কলম দিয়ে কেটে বাদ দেয়া হয়।

মামলার তথ্য থেকে জানা যায়, বরিশাল মহানগরের সাবেক আওয়ামীলীগ নেতা মামলার ২১২ নম্বর আসামি খন্দকার রেজাউর রহমান রেজা ২০২২ সালের ২২ জানুয়ারি, ১৯৮ নম্বর আসামি আবুল ফারুক ২০২৩ সালের ২৫ মার্চ, ২২৫ নম্বর আসামি হাফিজুর রশিদ ২০২১ সালের ১৯ অক্টোবর এবং ১৯৫ নম্বর আসামি আলী হাওলাদার একই বছরের ২৬ জুলাই মারা যান। অথচ এজাহারে অভিযোগ করা হয়েছে, তারা চলতি বছরের জুন মাসে মিছিল করে ককটেল ও হাতবোমা ছুড়েছেন।

মারজুক আব্দুল্লাহর করা মামলার এজাহারে ১৭১ নম্বর আসামি করা হয়েছে বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য ও সাবেক সংরক্ষিত কাউন্সিলর মজিদা বোরহানকে। ১৪৯ নম্বরে রয়েছেন নগরের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপি নেতা মো. ইউনুস। ১৫৮ নম্বরে ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ওই ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক মাসুম, ১৬৩ নম্বর আসামি ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিএনপি নেতা হুমায়ন কবির, ১৬৫ নম্বরে বিএনপির সাবেক সংরক্ষিত কাউন্সিলর রাশিদা পারভীন এবং ১৭৪ নম্বরে রয়েছেন বিএনপির আরেক সাবেক সংরক্ষিত কাউন্সিলর সেলিনা আক্তারের নাম। মামলার বর্ণনামতে তারাও শেখ হাসিনার পক্ষে এ ঘটনা ঘটিয়েছেন। 

এছাড়া মামলায় ১৬৪ নম্বর আসামী হিসেবে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জামায়াত নেতা মনিরুজ্জামান তালুকদারের নামও অন্তর্ভুক্ত করা হয়। 

পরে অবশ্য কলম দিয়ে তার নাম কেটে দিয়ে বাদী স্বাক্ষর করে দেন। খোঁজ নিয়ে জানা গেছে, মামলাটির বাদী মারজুক আব্দুল্লাহ ২৪ এর আগষ্টের পর নিজেই একটি ডাকাতি মামলার আসামী হয়ে জেল খেটেছেন। 

এ পর্যন্ত তিনি আওয়ামীলীগের বিরুদ্ধে একাধিক মামলাও করেছেন। সেসব মামলা থেকে বাদ যায়নি পেশাদার সাংবাদিকরাও। মামলার আসামির তালিকায় চারজন প্রয়াত আওয়ামীলীগ নেতা ও বিএনপির ৬ জন নেতার নাম যুক্ত করায় অভিযোগের সত্যতা ও মামলার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। 

এ ব্যাপারে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার জানান, কে এই মারজুক রাসেল, সে নিজেই একটি ডাকাতি মামলায় জেল খেটেছেন। সে মুলত মামলা বনিজ্য করে। তার ব্যাপারে বিএনপির পক্ষ থেকে এসসিপিকে জানালো হলে নেতৃবৃন্দ জানান এ ধরণের কর্মকান্ডের জন্য আগেই তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। তার ধৃষ্টতা বাড়তে বাড়তে এখন শেখ হাসিনার পক্ষের ঘটনায় বিএনপির নেতৃবৃন্দকে জড়িয়ে দিচ্ছে। বিএনপি এই নেতা প্রশাসনকে মামলাটির ব্যাপারে সুষ্ঠু তদন্তর আহবান জানান। 

মামলার ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের বরিশাল মহানগরের সাবেক আহবায়ক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রশক্তির মুখ্য সংগঠক শহিদুল ইসলাম শাহেদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে যে সংগঠনটি ছিলো এখন আর সেটির কোন কার্যকারিতা নেই। এখনও এই পরিচয় ব্যবহার করা উদ্দেশ্যমুলক। তাছাড়া বরিশাল মহানগর ছাত্রশক্তির কমিটিও স্থগিত রয়েছে। এসব সংগঠনের পরিচয় দেয়া মারজুক আব্দুল্লাহর নানা বিতর্কিত কর্মকান্ডের জন্য ইতিপূর্বে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। তিনি আরও জানান মারজুকের এই মামলার সাথে দলের কোন সম্পর্ক নেই। তিনিও এর সুষ্ঠু তদন্ত দাবী করেন।

এনসিপির বরিশাল জেলা শাখার সনিয়ির যুগ্ম সদস্য সচিব আবেদ আহমেদ রনি বলেন, বিলুপ্ত মহানগর ছাত্রশক্তির এই কর্মী মারজুককে তিনি ব্যক্তিগতভাবে চেনেননা। তবে তার কর্মকান্ডে দল বিব্রত। এসব মামলার ব্যাপারে এনসিপি কিংবা সহযোগী সংগঠনগুলো জানেনা। ভবিষ্যতে এদের মত কেউ যেন দলে প্রবেশ করতে না পারে সেব্যাপারে নেতৃবৃন্দ সতর্ক থাকবে বলে আবেদ আহমেদ রনি জানান।   
 
এ বিষয়ে মামলার বাদী মারজুক আব্দুল্লাহকে মামলায় উল্লেখিত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার জানিয়েছেন, একটি নালিশি মামলা হয়েছে। উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশনকে) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy