প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১:১১ পিএম (ভিজিট : ৪০)

X
ছবি: প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের হাতে আটক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও ও বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার ঘটনায় পাবনা জেলা ছাত্রদলের পক্ষ থেকে ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পাবনা জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান প্রিন্স এবং সদস্যসচিব মো. সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবের উপস্থিতিতে জেলা কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
গত শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় নাশকতার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রিপন সরকারকে তার পাটুলীপাড়া গ্রাম থেকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়।
ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেলের নেতৃত্বে প্রায় ২০০ গ্রামবাসী ও ছাত্রদল নেতাকর্মী রিপন সরকারের মুক্তির দাবিতে ভাঙ্গুড়া থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। বিক্ষোভের একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ আটক যুবলীগ নেতাকে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দেয় বলে জনশ্রুতি রয়েছে।
এ ঘটনার পর একটি দায়িত্বশীল পদে থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতার পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় শফিকুল ইসলাম সোহেলের ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে পাবনা জেলা ছাত্রদলের দৃষ্টি আকর্ষণ করে এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
এ বিষয়ে পাবনা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, অভিযুক্ত ছাত্রনেতার লিখিত ব্যাখ্যা পাওয়ার পর সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।