
ছবি: প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলার মণ্ডতোষ ইউনিয়নের মল্লিকচক গ্রামে মাদক সেবনের অভিযোগে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (৫ জুলাই) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভাঙ্গুড়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলার মল্লিকচক গ্রামে অভিযান পরিচালনা করেন।
অভিযানে হাতেনাতে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মল্লিকচক গ্রামের আতা লতিফের ছেলে শিহাব উদ্দিন (২৩) এবং একই গ্রামের মো. আফজাল সরকারের ছেলে নাছিম উদ্দিনকে (২৭) প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় সহযোগিতায় ছিলেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম, উপপরিদর্শক (এসআই) সুব্রত সাহাসহ পুলিশের একটি চৌকস দল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, "মাদকমুক্ত সমাজ গড়তে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"