প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:১৬ পিএম (ভিজিট : ৩৬)

X
ছবি: প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের চাপায় স্ত্রী নিহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানজিলা আক্তার আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ৪০০ মেগাওয়াট নর্থ ইউনিটের নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন ভূইয়ার স্ত্রী।
জানা যায়, তানজিলা আক্তার স্বামী আমজাদ হোসেন ভূইয়ার মোটরসাইকেলে করে ভৈরবের একটি আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে গ্রাফিক্স ডিজাইন কোর্সের ক্লাস করতে যাচ্ছিলেন। পথিমধ্যে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ওভারটেক করার সময় পিছন দিকে ধাক্কা দেয়। এতে তানজিলা আক্তার মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় কাভার্ড ভ্যানের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।