প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:৫০ পিএম (ভিজিট : ৯৭)

X
ছবি: প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে স্বামীর হাতে নির্মমভাবে খুন হয়েছেন এক গৃহবধূ। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যা করে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যান অভিযুক্ত স্বামী। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রামে।
কাশিয়ানী থানা পুলিশ সুরতহাল শেষে লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
জানা গেছে, উপজেলার ধানকোড়া গ্রামের মো. মিজানুর রহমানের মেয়ে মোছা. বর্ণা খানমের সঙ্গে প্রায় ১২ বছর আগে ফরিদপুর সদর উপজেলার বাঙ্গাবন্দুপুর এলাকার মো. নূর ইসলাম বেপারীর ছেলে মো. আল আমিন বেপারীর বিয়ে হয়। সংসারে তাদের তিন কন্যাসন্তান রয়েছে।
সম্প্রতি আল আমিন বেপারী স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। সোমবার বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে মো. আল আমিন (৩৫) তাঁর স্ত্রী বর্ণা খান (৩০)-কে পুকুরের পানিতে চুবিয়ে হত্যা করে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যান।
কাশিয়ানী থানার এসআই মো. বোরহান উদ্দিন অভিযান চালিয়ে ফরিদপুর সদর থেকে হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত স্বামী মো. আল আমিনকে গ্রেপ্তার করেন।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান হত্যাকাণ্ড এবং অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।