
X
সংগৃহীত ছবি
রংপুরের পীরগাছায় চলমান এইচএসসি পরীক্ষা পরিচালনার জন্য কেন্দ্র কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে। কমিটি গঠনে অনিয়ম করায় শিক্ষকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
অভিযুক্ত তাহমিদুর রহমান পীরগাছা উপজেলার দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তিনি নীতিমালা অনুযায়ী এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সংখ্যা ঠিক না রাখার বিষয়টি অকপটে স্বীকার করেছেন। এছাড়াও তিনি জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সফিউল ইসলামকে দায়িত্ব প্রদান করেছেন। অথচ গোলাম মোস্তফা অনেক সিনিয়র হওয়ার পরও তাঁকে হল সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা যায়, গত ২ জুলাই এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হয়। পীরগাছা উপজেলার দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজে চলমান এইচএসসি পরীক্ষার কেন্দ্র চালু আছে। এই কেন্দ্রে নীতিমালা অনুযায়ী পরীক্ষা পরিচালনা কমিটি গঠন না করায় সিনিয়র শিক্ষকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। নীতিমালা অনুযায়ী ৯ জন শিক্ষক দায়িত্ব পালন করার কথা থাকলেও ৪ জনকে দিয়েই পরীক্ষা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কলেজের কর্মরত শিক্ষকদের দাবী একজনকে একাধিক দায়িত্ব দেওয়া হয়েছে, অথচ অভিজ্ঞতা সম্পন্নদেরকে দায়িত্ব দেওয়া হয়নি। অপর দিকে থানা থেকে দেবী চৌধুরাণী কলেজের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার হলেও প্রশ্ন নেওয়া ও উত্তর পত্র জমা দেওয়া হচ্ছে মোটরসাইকেলে করে। ট্যাগ অফিসার ছাড়া মোটরসাইকেলে প্রশ্নপত্র ও উত্তরপত্র পরিবহণ করার বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও সেটি অমান্য করে খেয়াল খুশিমতো প্রশ্নপত্র মোটরসাইকেলে নেওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।
এবিষয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল ইসলাম দাম্ভিকতার সহিত বলেন, আমি একাই মোটরসাইকেলে প্রশ্ন পত্র নিয়ে আসছি না, সকলেই নিচ্ছেন। আমার জন্য আইন কি আলাদা। তিনি আরো বলেন, নিয়ম মেনে কমিটি করেছি, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাতাপত্র সংরক্ষণ কারী হিসেবে আমি নিজে দায়িত্ব পালন করছি, হল সুপার গোলাম মোস্তফা রুবেল, প্রশ্নপত্র উত্তোলনকারী হিসেবে আজমল হোসেন তাতন দায়িত্বে আছেন।
এদিকে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান (সহকারী অধ্যাপক) স্বপন বাবু বলেন, আমার চাকুরি আছে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত, আমি জানি না কবে মিটিং হয়েছে, কিভাবে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বা পরীক্ষা পরিচালনার কমিটি গঠন করা হয়েছে। সহকারী অধ্যাপক হাফেজ শফিকুল ইসলাম বলেন, এইচএসসি পরীক্ষার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া ও পরীক্ষা পরিচালনার কমিটি গঠনের বিষয়ে আমরা কিছুই জানিনা। তিনি আরো বলেন, ২৪ জন সিনিয়র শিক্ষককে বাদ দিয়ে কিভাবে ২৬ নম্বর শিক্ষককে দায়িত্ব দেওয়া হলো। উদ্দেশ্য কি ছিল/আছে খতিয়ে দেখা দরকার।
পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, মোটরসাইকেলে প্রশ্ন পত্র আনা-নেওয়া করা যাবে না। অপর এক প্রশ্নে বলেন, জুনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার ব্যাপারে কোন শিক্ষক এখনো আমার নিকট অভিযোগ করেন নি। তাঁরা অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন বলেন, অধ্যক্ষ-উপাধ্যক্ষের অনুপস্থিতিতে সিনিয়র কাউকে দায়িত্ব দেওয়া দরকার। অপর এক প্রশ্নে তিনি বলেন, কোন অবস্থাতেই মোটরসাইকেলে প্রশ্নপত্র বা উত্তর পত্র আনা-নেওয়া করা যাবে না