প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:০২ পিএম আপডেট: ০৭.০৭.২০২৬ ৮:২৪ পিএম (ভিজিট : ৩৪)

X
স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে এমওইউ স্বাক্ষর
গোপালগঞ্জের মুকসুদপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণের উদ্যোগ হিসেবে জনতা ব্যাংক পিএলসি, মুকসুদপুর শাখা এবং স্কলার্স পাবলিক স্কুলের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতনসহ বিভিন্ন ধরনের ফি জনতা ব্যাংকের ডিজিটাল অ্যাপ ব্যবহার করে পরিশোধ করা যাবে।
ব্যাংক সূত্রে জানা যায়, নতুন এ ব্যবস্থার আওতায় অভিভাবকেরা ঘরে বসেই নিরাপদ ও দ্রুত উপায়ে শিক্ষার্থীদের বেতন এবং অন্যান্য ফি পরিশোধ করতে পারবেন। ফলে ব্যাংক বা বিদ্যালয়ে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন কমবে। একই সঙ্গে আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক পিএলসি, ফরিদপুর অঞ্চলের এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক সৈয়দ আবু জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই অঞ্চলের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. এস্কেন্দার আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসি, মুকসুদপুর শাখার ব্যবস্থাপক মো. এনামুল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কলার্স পাবলিক স্কুলের প্রধান শিক্ষক অহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সহসভাপতি হাফিজুর রহমান লেবু, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফেন মুক্তা, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কার্যকরী সদস্য নূর আলম শেখসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস লেনদেনের প্রসারে জনতা ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল পদ্ধতিতে ফি আদায় চালু হলে সেবাগ্রহীতাদের সময় ও ভোগান্তি কমবে, পাশাপাশি লেনদেন হবে আরও নিরাপদ, সহজ ও আধুনিক। তাঁরা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব উল্লেখ করে এর সফল বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।