প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:০৮ পিএম (ভিজিট : ৪৫)

X
হাসপাতালে ভর্তি
গাজীপুরের শ্রীপুরে একটি ডাইং (রং) কারখানায় কাজ করার সময় হঠাৎ করেই অন্তত ৭০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
আজ মঙ্গলবার (৭ জুলাই) শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার একটি কারখানায় এই ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে মাওনার আল-হেরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় ৭০ জন শ্রমিক অসুস্থাবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসা শেষে ইতোমধ্যে ৩০ জন শ্রমিক সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে আরও প্রায় ৩০-৩৫ জন শ্রমিক এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জরুরি ভিত্তিতে আক্রান্তদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন হাসপাতালের চিকিৎসকরা। তবে হঠাৎ করে কী কারণে এত বিপুল সংখ্যক শ্রমিক একসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন, সে বিষয়ে কারখানা কর্তৃপক্ষ বা হাসপাতাল সূত্রের সুনির্দিষ্ট কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।