প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:১১ পিএম (ভিজিট : ৩৭)

X
মো. জামাল উদ্দিন
সুখের আশায় ঋণ করে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার যুবক মো. জামাল উদ্দিন (৩৯)।
নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মেরুদণ্ড ভেঙে যাওয়ার পর দীর্ঘদিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার (৭ জুলাই) ভোরে নিজ বাড়িতে জীবনাবসান হয় প্রবাসীর।
নিহত জামাল রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খিল মোগল ৭ নম্বর ওয়ার্ডের বাদামতলী এলাকার মো. হোসেনের ছেলে। একই দিন সকালে স্থানীয় মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত তিন বছর আগে ঋণ করে ওমানে পাড়ি জমান তিনি। সেখানে তিনি এসি-ফ্রিজ মেরামত ও নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।
গত বছরের ডিসেম্বরে ওমানের আল আমরাত এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হন। এতে তার মেরুদণ্ড ও পায়ে মারাত্মক আঘাত পায়।
সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। পরে তার শরীরে পক্ষাঘাত (প্যারালাইসিস) দেখা দেয়।
এ বিষয়ে পরিবারের সদস্যরা জানান, চিকিৎসায় প্রচুর অর্থ ব্যয় হচ্ছিল এবং শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে সাধারণ বিমানে দেশে আনাও সম্ভব ছিল না।
পরে জামালের চিকিৎসার বিষয়টি গণমাধ্যমে এলে স্থানীয় বাসিন্দা, প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন সংগঠন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
সবার সহযোগিতায় তাকে দেশে এনে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত বছর বয়সী এক ছেলে এবং পাঁচ বছর বয়সী এক মেয়ে রেখে গেছেন।