প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:৪৭ পিএম (ভিজিট : ৭০)

X
অভিযুক্ত শাওন
রাজশাহীর পুঠিয়ায় এবার বাবা-মা হারা ১২ বছরের এক অনাথ কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাওন নামে এক প্রভাবশালী যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (৭ জুলাই) পুঠিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিল মাড়িয়া নগরপাড়া গ্রামে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ধর্ষক শাওন ওই এলাকার সাইদুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।
ভুক্তভোগী ওই কিশোরী বলেন, জোর করে শাওন তাকে ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। অবুঝ শিশুটির এই সুযোগকে কাজে লাগিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে লম্পট শাওন।
স্থানীয়রা জানান, জন্মের দুই বছরের মাথায় বাবাকে হারায় শিশুটি। এরপর সন্তানের মায়া ত্যাগ করে অন্যের সংসারে চলে যান মা । নুন আনতে পান্তা ফুরানো প্রতিবন্ধী নানা-নানির পরিবারে ঠাঁই হয় তার। পড়াশোনা তো দুরের কথা দুবেলা খাবার জোটেনা ঠিকভাবে।
তারা অভিযোগ করে আরও জানান, এর আগেও একাধিক নারীকে ধর্ষণ করে অভিযুক্ত শাওন। প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না কেউ। তবে এবার অসহায় শিশুর সাথে এমন ন্যাক্কারজনক ঘটনার সর্বোচ্চ শাস্তি দাবি করেন এলাকাবাসী।
বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামী শাওন পলাতক রয়েছে তাকে আটককের চেষ্টা চলছে।