প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৭:১৮ পিএম (ভিজিট : ৩৫)

X
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড গোলচত্বরের গর্তে বারবার পণ্যবাহী যানবাহন আটকে পড়ে বিকল হয়ে যাওয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের ২০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার সকাল ৬টার দিকে শাহবাজপুর সেতু ও ইসলামাবাদ এলাকায় দুটি পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়লে যানজট আরো দীর্ঘ হয়। পরে সকাল সাড়ে ৮টার মধ্যে সরাইল উপজেলার শান্তিনগর, বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া, শাহবাজপুর হয়ে বিজয়নগরের বুধন্তী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। দীর্ঘ যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও চালকদের।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ভারী বৃষ্টির কারণে সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় একটি পণ্যবাহী লরি ও একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুটি যানবাহনের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। প্রায় এক ঘণ্টা পর আহত চালককে উদ্ধার করে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেন হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এর মধ্যেই মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাতভর বৃষ্টিতে পরিস্থিতি আরো খারাপ হয়।
সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, “বিশ্বরোড মোড়ের দক্ষিণ পাশে গর্তে পণ্যবাহী যানবাহন বারবার আটকে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি বৈশামুড়া এলাকায় দুর্ঘটনাকবলিত প্রায় ৫০ টন ওজনের লরিটি বুধবার সরানো হয়েছে। এসব কারণে যানজট বেড়েছে। ”