প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:৩২ পিএম (ভিজিট : ১৩৯)

X
অভিযুক্ত রাজন আটক
নওগাঁর মহাদেবপুরে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর শ্বাসরোধে হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পরে আহত সাংবাদিক থানায় জেলা, উপজেলার সহকর্মী ও জেলা প্রতিনিধির সহায়তায় একটি লিখিত এজাহার দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, দৈনিক বাংলাদেশ বুলেটিন ও স্থানীয় জয়পুর বার্তা পত্রিকার মহাদেবপুর প্রতিনিধি মো. জুলহাজ হোসেন (৩৬) গত মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করেন। অভিযোগ অনুযায়ী, ওই দিন বিকেল প্রায় ৩টার দিকে মহাদেবপুর বকচত্বর এলাকায় চেয়ারম্যান মার্কেটের ভেতরে প্রেস ক্লাবের সামনে অবস্থানকালে অভিযুক্ত মো. রাজন (৩২) ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জন সেখানে এসে সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এজাহারে সাংবাদিক দাবি করেন, একপর্যায়ে অভিযুক্ত রাজন তার গলা চেপে ধরে শ্বাসরোধের মাধ্যমে হত্যার চেষ্টা করেন। তিনি কোনো রকমে নিজেকে রক্ষা করলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
তার চিৎকার শুনে স্থানীয় সাংবাদিক মো. মেহেদী হাসান, মো. শহিদুল ইসলামসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের সহায়তায় অভিযুক্ত রাজনকে আটক করা হলেও তার সঙ্গে থাকা অজ্ঞাত অন্যরা পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজনকে আটক করে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। পরে আহত সাংবাদিক মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।
চিকিৎসা শেষে স্বজনদের ও সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে তিনি মহাদেবপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে শ্বাসরোধে হত্যাচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। রাজন নামের একজনকে আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।