প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:২৭ পিএম (ভিজিট : ৪৮)

X
মধ্যপাড়া খনি
প্রায় দুই মাস বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট খনিতে আবার পাথর উত্তোলন শুরু হয়েছে। ভূগর্ভে পাথর উত্তোলনে ব্যবহৃত বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেটের সংকট কাটিয়ে শনিবার সকাল থেকে পূর্ণোদ্যমে উৎপাদন কার্যক্রম চালু করা হয়।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেটের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১৯ মে থেকে পাথর উত্তোলন বন্ধ ছিল। সম্প্রতি ৮৮ মেট্রিক টন অ্যামোনিয়াম নাইট্রেট খনিতে পৌঁছেছে। এ মজুত দিয়ে প্রায় আড়াই মাস পাথর উত্তোলন করা সম্ভব হবে। মোট ৩০০ মেট্রিক টন বিস্ফোরকের চাহিদা দেওয়া হয়েছে। বাকি বিস্ফোরক পর্যায়ক্রমে খনিতে পৌঁছাবে।
খনি সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় বিস্ফোরক সময়মতো সরবরাহ না হওয়ায় অতীতেও একাধিকবার পাথর উত্তোলন বন্ধ রাখতে হয়েছে। এর আগে ২০২২ ও ২০২৫ সালেও একই কারণে উৎপাদন কার্যক্রম স্থগিত ছিল। এছাড়া ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে প্রায় দুই মাস এবং ২০১৮ সালে সাত দিন পাথর উত্তোলন বন্ধ ছিল।
২০০৭ সালের ২৫ মে দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি হিসেবে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড বাণিজ্যিক উৎপাদন শুরু করে। শুরুতে লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন না হওয়ায় প্রতিষ্ঠানটি লোকসানে পড়ে। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রাস্ট কনসোর্টিয়াম (জিটিসি) দায়িত্ব নেওয়ার পর তিন শিফটে উৎপাদন শুরু হয়। বর্তমানে প্রতিদিন প্রায় সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়। তবে বিস্ফোরকের সংকট দেখা দিলেই উৎপাদন বন্ধ হয়ে যায়, যার প্রভাব পড়ে খনি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমে।
বর্তমানে খনিটিতে প্রায় সাড়ে ৭০০ শ্রমিক কর্মরত রয়েছেন। খনি কর্তৃপক্ষের দাবি, ভবিষ্যতে যাতে বিস্ফোরক সংকটের কারণে উৎপাদন বন্ধ না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।