প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১১:৪৪ এএম (ভিজিট : ৪৬)

X
ছবি: প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গোল্লারপাড় এলাকায় চেল্লাখালী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত নালিতাবাড়ী-গাজীরখামার (শেরপুর) সড়ক পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।
শনিবার (১১ জুলাই) তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ভাঙন প্রতিরোধ ও সড়ক রক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, এলজিইডির উপসহকারী প্রকৌশলী, কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, ক্ষতিগ্রস্ত স্থানে জরুরি ভিত্তিতে নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রাথমিকভাবে পানি উন্নয়ন বোর্ড প্রায় ৫০০টি জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের কাজ শুরু করবে। পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সংযোগ খাল খনন, বন্ধ হয়ে থাকা কালভার্ট খুলে দেওয়াসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত সড়ক রক্ষায় আপদকালীন ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের পাশাপাশি মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সড়কটির টেকসই সংস্কার ও পুনর্র্নিমাণের উদ্যোগ গ্রহণ করতে হবে। এতে ভবিষ্যতে নদীভাঙনের কারণে জনদুর্ভোগ কমবে এবং নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।