প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১২:১০ পিএম (ভিজিট : ৫৫)

X
ছবি: প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেট-সংলগ্ন গলিতে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান ও একটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (১২ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
খবর পেয়ে কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, “খবর পাওয়ার পরপরই আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।”
কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মো: সাইফুল ইসলাম শাহীন বলেন, আগুনে কাপড়, পাওয়ারি ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি হতে পারে।
ক্ষতিগ্রস্তদের তথ্য অনুযায়ী, আব্দুল কাইয়ুমের দুটি দোকানে প্রায় ২০ লাখ টাকা, আজাহার আলীর কাপড়ের দোকানে ১৫ লাখ টাকা, সরোয়ার হোসেনের কাপড়ের দোকানে ২৫ লাখ টাকা, সাবিরের কাপড়ের দোকানে ১৫ লাখ টাকা এবং আবুল কাশেমের বসতবাড়িতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মোহাম্মদ রাসেলের পাওয়ারি দোকানের কিছু মালামাল রক্ষা করা গেলেও প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া সিপুর গোডাউনে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে কাপাসিয়া বাজার জামে মসজিদেরও আংশিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
কাপাসিয়া থানার এক উপপরিদর্শক (এসআই) বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে।
ফায়ার সার্ভিস, পুলিশ ও বাজার ব্যবসায়ী সমিতি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণে কাজ করছে।