ফেরিকাণ্ডে আবারো আলোচনায় এমপি হান্নান মাসউদ, যা বললেন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা মাঝপথ থেকে ফিরিয়ে আনাকে কেন্দ্র করে

2026-07-13T11:50:16+00:00
2026-07-13T11:50:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফেরিকাণ্ডে আবারো আলোচনায় এমপি হান্নান মাসউদ, যা বললেন
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:৫০ এএম   (ভিজিট : ২৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা মাঝপথ থেকে ফিরিয়ে আনাকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছেন নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। গত কয়েক সপ্তাহের ব্যবধানে ফেরিকে কেন্দ্র করে দুটি পৃথক ঘটনায় তার নাম জড়িয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


শনিবার বিকেলে চেয়ারম্যান ঘাট–নলচিরা নৌপথে চলাচলকারী ফেরি মহানন্দায় এ ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ফেরিটির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টায় নির্ধারিত সময় অনুযায়ী যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় ফেরি মহানন্দা। প্রায় ২৩ মিনিট চলার পর হঠাৎ ফেরিটি মাঝনদী থেকে ঘুরে আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে। পরে সেখানে অপেক্ষমাণ সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ তাঁর সফরসঙ্গীদের নিয়ে ফেরিতে ওঠেন। এরপর ফেরিটি পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

ঘাট ইজারাদারের প্রতিনিধি জহির বলেন, “ফেরি ছাড়ার আগে সময় নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। পরে নির্ধারিত সময়েই ছেড়ে যায়। কিন্তু প্রায় ২৩ মিনিট পর আবার ঘাটে ফিরে আসে। পরে জানতে পারি, এমপি হান্নান মাসউদকে নিয়ে যাওয়ার জন্য ফেরিটি ফিরেছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যাত্রী বলেন, “ফেরি মাঝনদী থেকে হঠাৎ ফিরে আসায় আমরা বিস্মিত হই। পরে দেখি এমপি ও তাঁর সঙ্গে থাকা লোকজন ফেরিতে উঠছেন। বৈরী আবহাওয়ার মধ্যে এমন সিদ্ধান্ত আমাদের জন্য উদ্বেগের ছিল। এতে সময়ও নষ্ট হয়েছে। একজন ভিআইপির জন্য শত শত যাত্রীকে অপেক্ষা করানো কতটা যৌক্তিক, সেই প্রশ্ন থেকেই যায়।”

ঘটনার পর রবিবার (১২ জুলাই) দুপুরে এক প্রেস বিবৃতিতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, সরকারি কাজের উদ্দেশ্যে চেয়ারম্যান ঘাটে পৌঁছানোর সময় ফেরিটি প্রায় দুই মিনিট আগে ছেড়ে যায়। তবে তখনও ফেরিটি ঘাট এলাকা থেকে খুব বেশি দূরে যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে তারা ফেরিটিকে ঘাটে ফিরিয়ে এনে তাকে উঠিয়ে নেয়।

তিনি আরও বলেন, বৈরী আবহাওয়ার কারণে ফেরি ছাড়া অন্য সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় বিকল্প কোনো যাতায়াতের সুযোগ ছিল না। এ অবস্থায় ফেরি কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহযোগিতা করেছে।

এমপি দাবি করেন, একটি মহল ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি দায়িত্ব পালন করে আসছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এদিকে ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বলেন, এমপি আবদুল হান্নান মাসউদ আগেই ফেরির মাস্টারকে ফোন দিয়ে তার আসার বিষয়টি জানিয়েছিলেন। তবে ফেরির পূর্ববর্তী মাস্টার সম্প্রতি অন্যত্র বদলি হওয়ায় নতুন মাস্টারের মোবাইল নম্বর এমপির কাছে ছিল না। ফলে নির্ধারিত সময়েই ফেরি ঘাট ছেড়ে যায়। ঘাট ছাড়ার কিছুক্ষণ পর এমপি ঘাটে পৌঁছান। ওই সময় আমি ঘটনাস্থলে ছিলাম। এমপির অনুরোধে ঘাট ইনচার্জের সঙ্গে কথা বলে ফেরির মাস্টারের সঙ্গে যোগাযোগ করি। পরে ফেরিটি ঘাটে ফিরিয়ে এনে এমপিকে ওঠার ব্যবস্থা করি।

সাজ্জাদুল ইসলাম আরও বলেন, “রোগী, অ্যাম্বুলেন্স ও ভিআইপিদের ক্ষেত্রে কিছু নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হয়। সেই নিয়ম অনুযায়ী ফেরিটি ঘাটে ফিরিয়ে আনা হয়েছিল। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে পরবর্তীতে আর কোনো নৌযান চলাচল করছিল না।”

অন্যদিকে ফেরির মাস্টার নুরুল আমীন বলেন, “ফেরি ছাড়ার পর মেরিন ইঞ্জিনিয়ারের মাধ্যমে জানতে পারি ঘাটে এমপি এসেছেন। এরপর ফেরি ঘুরিয়ে তাঁকে নিয়ে পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশ্যে রওনা হই।”

এর আগে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে গত ৩১ মে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর ‘মহানন্দা’ ফেরি ছাড়ার অভিযোগ উঠেছিলো। স্থানীয়রা জানান, বিকেল ৫টা ৪৫ মিনিটে নলচিরা ঘাটে পৌঁছানো ফেরিটি যাত্রী, পণ্য ও যানবাহন ওঠানামা শেষে সন্ধ্যা ৭টার দিকে চেয়ারম্যান ঘাটের উদ্দেশে ছাড়ার কথা থাকলেও রাত প্রায় ৯টায় যাত্রা শুরু করে। এ সময় মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বুকিং নেওয়া হলেও পরে ওঠানোর অনুমতি না দেওয়ায় ঘাটে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং এমপি আবদুল হান্নান মাসউদের সঙ্গে বাক্‌বিতণ্ডার ঘটনাও ঘটে।

দুই দফা ফেরিকাণ্ডের পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলা একটি ফেরিকে মাঝপথ থেকে ফিরিয়ে আনা কিংবা দীর্ঘ সময় আটকে রাখা যাত্রীসেবার নীতিমালার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা খতিয়ে দেখা প্রয়োজন। অন্যদিকে সংশ্লিষ্টদের দাবি, বৈরী আবহাওয়া, বিকল্প নৌযান না থাকা এবং প্রচলিত প্রটোকল বিবেচনায় ফেরি কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy