প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:৪৯ পিএম (ভিজিট : ৩৪)

X
উচ্ছেদ অভিযান
দেশের লাইফলাইনখ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশের যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ।
সোমবার (১৩ জুলাই) বিকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন, মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন এর নেতৃত্বে থানা ও হাইওয়ে পুলিশের পৃথক দুইটি টিম, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নেতৃবৃন্দ, কুইক রেস্পন্স টিম এবং বাজারের ইজারাদার সার্বিক সহযোগিতা করেন।
এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও মহাসড়কের পাশের অবৈধভাবে দখল করে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, কাঁচা বাজার ও ক্ষুদ্র দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়। তাৎক্ষণিক বর্জ্যগুলো সরিয়ে নেওয়া হয়। এছাড়াও মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশের নিত্য সৃষ্ট কৃত্রিম যানজট নিরসনে ফেনী-কুমিল্লার আঞ্চলিক বাস ও দূরপাল্লার যাত্রীবাহী বাসের জন্য বাজারের দক্ষিণ পাশে ইসলামী ব্যাংক সংলগ্ন স্থানে ও উত্তর পাশের হায়দার শপিং কমপ্লেক্স সংলগ্ন স্থানে স্থায়ী দু’টি আলাদা বাস-বে স্থাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।
যানজট নিরসনকল্পে অভিযানের পূর্বে উল্লেখিত স্থানে অস্থায়ীভাবে বাস-বে স্থাপন ও বাস থামানোর বিষয়ে বাস-চালক ও হেলপার সহ বাজারের ব্যবসায়ী-পথচারীদের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়। অবিলম্বে উক্ত দু’টি স্থানে স্থায়ী বাস-বে স্থাপনের যাবতীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করে উপজেলা প্রশাসন।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. শাহাদাৎ হোসেন বলেন, মহাসড়কের পাশের সরকারি জায়গা দখল করে হকার সহ একশ্রেণির ক্ষুদ্র ব্যবসায়ীরা অস্থায়ী দোকান খুলে দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছে। মহাসড়কের পাশের মার্কেট মালিকদের কেউ কেউ ফুটপাত দখল করে বাড়তি স্থাপনা নির্মাণ করে নিজেরা ব্যবসা পরিচালনা করা সহ অন্যত্র (ক্ষুদ্র ব্যবসায়ীদের নিকট) তা ভাড়া দিয়ে সাধারণ পথচারীদের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করে আসছেন। একই কারণে মহাসড়কে যানজট লেগে থাকা সহ নানান দুর্ঘটনার শিকার হচ্ছিল সাধারণ মানুষ।
বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে অবৈধ দখলদারদেরকে স্থাপনা সরিয়ে নিতে বারবার সতর্ক করা সহ গনসচেতনতা তৈরিতে মাইকিং সহ বিশেষ প্রচার-প্রচারণা করা হয়। নির্ধারিত সময় শেষে আজ (সোমবার) বিকালে মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মহাসড়কের পাশের সকল অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। যানজট নিরসনে বাজারে দু’টি আলাদা অস্থায়ী বাস-বে স্থাপন করা হয়। শীঘ্রই সেখানে স্থায়ী বাস-বে স্থাপনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। যানজট নিরসন ও যত্রতত্র গাড়ী পার্কি বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।