প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:০১ পিএম (ভিজিট : ২৫)

X
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিকুল ইসলাম। প্রস্তুতি সভায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান মামুন, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আছাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর ছিদ্দিক, উপজেলা মৎস্য কর্মকর্তা অপরাজিতা রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম, ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল্লাহ আল-মামুন, আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী, বিশকাকুনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম আল আমিন প্রমুখ।
সভায় জানানো হয়, দুর্যোগকালীন আশ্রয়ের জন্য উপজেলার তিনটি আশ্রয়ণ প্রকল্প কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ধলামূলগাঁও ইউনিয়নে একটি এবং ঘাগড়া ইউনিয়নে দুটি কেন্দ্র রয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, জরুরি চিকিৎসাসেবা এবং মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। সাপের কামড়ে আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি সাপের অ্যান্টিভেনম মজুত রয়েছে বলেও সভায় জানানো হয়। সভায় শিশুদের পানিতে পড়ে দুর্ঘটনা এড়াতে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জারিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “সম্ভাব্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কতামূলক টিম গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সব বিভাগকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা, জরুরি ত্রাণসামগ্রী মজুত, স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা এবং সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে। যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।”