প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১:২০ পিএম (ভিজিট : ২২)

X
ছবি: প্রতিনিধি
টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে রাঙামাটির জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ। বন্যাদুর্গত মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে আশ্রয়কেন্দ্রে গিয়ে চিকিৎসা ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন স্বাস্থ্যকর্মীরা।
গতকাল সোমবার (১৩ জুলাই) উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল বিন ফেরদৌসের নেতৃত্বে মৈদং ইউনিয়নের জামুরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে একটি চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়। এ সময় স্বাস্থ্য পরিদর্শক চিরঞ্জীব চাকমাসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চিকিৎসা ক্যাম্পে গর্ভবতী নারী, শিশু, প্রবীণ ও অন্যান্য রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি বন্যা ও বন্যা-পরবর্তী সময়ে বিশুদ্ধ পানি ব্যবহার, নিরাপদ খাদ্য গ্রহণ, স্যানিটেশন, পানিবাহিত রোগ প্রতিরোধ এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেন চিকিৎসকেরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমা বলেন, বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম মাঠে কাজ করছে।
তিনি আরও বলেন, বন্যা-পরবর্তী সময়ে ডায়রিয়া, জ্বর, চর্মরোগসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই সবাইকে বিশুদ্ধ পানি পান, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং অসুস্থ হলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানান।