রাণীনগরের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর সড়কে ধস, বড় দুর্ঘটনার আশঙ্কা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

চলমান আকস্মিক বন্যার পানির স্রোতে বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ নামক সেতুর এপ্রোচ সড়ক ধসে গেছে। ফলে ১0কোটি টাকা ব্যয়ে নির্মিত

2026-07-14T16:22:34+00:00
2026-07-14T16:27:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাণীনগরের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর সড়কে ধস, বড় দুর্ঘটনার আশঙ্কা
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৪:২২ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ৪:২৭ পিএম  (ভিজিট : ৫৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চলমান আকস্মিক বন্যার পানির স্রোতে বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ নামক সেতুর এপ্রোচ সড়ক ধসে গেছে। ফলে ১0কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ এই সড়কটির নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তাই যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের।

আত্রাই নদীর ওপর নির্মিত বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ নামক এই সেতুটির অবস্থান নওগাঁ জেলার রাণীনগর ও আত্রাই উপজেলায়। সেতুটির দক্ষিণ পাশটি আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে এবং উত্তর পাশটি রাণীনগর উপজেলার জামালগঞ্জ বাজারে। 

সূত্রে জানা যায়, সেতুটি রাণীনগর উপজেলা এলজিইডি’র অর্থায়নে হয়েছে। ২০১৫ সালে প্রায় ১০কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ সমাপ্ত করা হয়। এরপর গত ২-৩ বছর আগে সেতুর এপ্রোচ সড়ক মেরামত ও সেতুটিতে রং করে সংস্কার করা হয়। পাশাপাশি ভবিষ্যত চিন্তা করে ব্লকগুলোও ঠিক করা হয়। কারণ এই সেতুকে কেন্দ্র করে এলাকার দুই উপজেলার কয়েকটি গ্রামের জীবন মান উন্নয়নে এক ধাপ এগিয়ে গেছে।

কিন্তু হঠাৎ করে আকস্মিক বন্যায় অতিরিক্ত পানির স্রোতে সেতুর উত্তর পাশের এপ্রোচ সড়কের একটি বড় অংশ ধসে যাওয়ায় তাদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় রয়েছেন চারটি উপজেলার চলাচলরত জনসাধারণ। কারণ এই সেতুটি দিয়ে প্রতিদিন আত্রাই, রাণীনগর, মান্দা এবং পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাজার হাজার মানুষসহ বিভিন্ন গ্রামের সাধারণ জনগণ ও যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কটির এমন বেহাল দশায় চরম ভোগান্তির আশঙ্কা করছেন চার উপজেলার লাখো মানুষ।

সরেজমিনে দেখা যায়, বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর ঠিক রাণীনগর উপজেলার অংশে উত্তর পাশেই চলাচলরত সড়কের নিচের মাটি সরে গিয়ে বড় ধরনের ধসের সৃষ্টি হয়েছে। কার্পেটিংয়ের একাংশ ইতোমধ্যে ভেঙে পড়েছে। সড়কটি বর্তমানে এতটাই সরু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যে, ভারী ও হালকা যানবাহনসহ পথচারীদের চলাচলেও চরম আতঙ্ক কাজ করছে। স্থানীয়রা জানান, দ্রুত এই ধস মেরামত করা না হলে পুরো সড়কটি নদীতে বিলীন হয়ে চার উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে।

স্থানীয় যুবক মো: পরশ আলী জানান, এই সড়কটি দ্রুত স্থায়ীভাবে সংস্কার করা প্রয়োজন। কারণ প্রায় দুই-আড়াই বছর আগেও এখানে ধসে গিয়ে এরকম গর্তের সৃষ্টি হয়েছিল। রাতের বেলা মোটরসাইকেল নিয়ে চলাচল করতে গিয়ে এক অপরিচিত ব্যক্তি সেই গর্তে পড়ে প্রাণ হারিয়েছিল। এরপর ধ্বসে যাওয়া যাওয়া সেই গর্ত মাটি দিয়ে সাময়িকভাবে পুরণ করা হয়। তবে এবার আশা করবো জনসাধারণের চলাচলের সুবিধার্থে ভবিষ্যত চিন্তা করে স্থায়ীভাবে সংস্কার করা হবে। কারণ এই সেতুটি নদীর ওপর নির্মিত। কাজেই প্রাকৃতিক বন্যা হতেই পারে এটাই স্বাভাবিক। তাই সংশ্লিষ্টদের উচিৎ হবে পরিকল্পনা করে সংস্কার করা। 

আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক ও আত্রাই উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার বলেন, বান্দাইখাড়া ব্রিজটি আমাদের এলাকার অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন হাজার হাজার মানুষ ও শিক্ষার্থী এই পথ দিয়ে যাতায়াত করে। ব্রিজের উত্তর পাশের ধস এখন সাধারণ মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, যেন আর কোনো বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে এই ধস সংস্কার করে রাস্তাটি চলাচলের উপযোগী করা হয়।

রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক ও উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল সরকার বলেন, এই সেতুটি হওয়ার ফলে জামালগঞ্জ বাজারে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বান্দাখাড়া ও জামালগঞ্জ বাজারে যাতায়াত হয়েছে অনেক সহজ। এই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার সাধারণ জনগণ চলাচল করে থাকে। কিন্তু আকস্মিক বন্যায় সড়কে ধ্বস দেখা দেওয়ায় আমরা আতঙ্কে আছি। বিষয়টি নিয়ে আমি সংশ্লিষ্ট দপ্তরে কথা বলবো। এছাড়া আমাদের নওগাঁ-৬ আসনের এমপি শেখ রেজাউল ইসলামক রেজু ভাইকেও অবগত করবো। আশা করা যায় আমাদের এমপি মহোদয় খুব দ্রুত সংস্কারের উদ্যোগ নিবেন। কারণ তিনি জনস্বার্থে কাজ করা পছন্দ করেন।

এ বিষয়ে রাণীনগর উপজেলা প্রকৌশলী ইসমাইল বলেন, বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর পাশের সড়ক ধসে যাওয়ার বিষয়টি জানা মাত্রই অফিস থেকে লোক পাঠানো হয়েছে। তারা এখনও ওখানে আছে। ভবিষ্যত চিন্তা করে এর আগেও মেরামত করা হয়েছে। কিন্তু অতিরিক্ত পানির স্রোতে নিচের মাটি সরে গিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিষয়টি নিয়ে খুব দ্রুতই উর্ধ্বতক কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সেখানে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান বলেন, বান্দাইখাড়া ব্রিজের পাশের রাস্তা ধসে পড়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। যেহেতু এই সড়কটি দিয়ে একাধিক উপজেলার মানুষ যাতায়াত করেন, তাই জনগণের নিরাপত্তা ও যোগাযোগ সচল রাখা আমাদের প্রধান অগ্রাধিকার। ইতিমধ্যেই উপজেলা প্রকৌশলীকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বলা  হয়েছে। জনসাধারণের ভোগান্তি ও দুর্ঘটনা এড়াতে দ্রুতই সেখানে সংস্কার কাজ শুরু হবে।

এলজিইডি নওগাঁর নির্বাহী প্রকৌশলী মোঃ বদরুদ্দোজা মুঠোফোনে জানান খুব দ্রুতই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy