প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:০৯ পিএম (ভিজিট : ৪৬)

X
ছবি: প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা, আবেগ ও শ্রদ্ধার মধ্য দিয়ে জামালপুরে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নবনির্মিত ‘জুলাই স্মৃতি স্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ সাফওয়ান সদ্য স্মৃতি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের আদর্শ ধারণের মাধ্যমে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রবিউল ইসলামের স্ত্রী নাজমুন নাহার লাবনী এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মো. কামাল।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি শহীদ পরিবারের সদস্য ও আহতদের প্রতি রাষ্ট্রীয় সম্মান, সহযোগিতা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধী সমাজের প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।