জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনূর রহমান।
সভাপতির বক্তব্যে ইউএনও শাহনূর রহমান বলেন, “জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। তাঁদের ত্যাগ শুধু স্মরণ করার জন্য নয়, বরং সেই চেতনাকে ধারণ করে দায়িত্বশীল, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস, শহীদদের অবদান ও গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরতে হবে, যাতে ভবিষ্যৎ বাংলাদেশ আরও মানবিক, জবাবদিহিমূলক ও উন্নত রাষ্ট্রে পরিণত হয়।”
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তানজিলা শারমিন দৃষ্টি, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) রাজিব আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আশরাফুল হক এবং আটপাড়া থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির হোসেন আহমেদ একদিল, আটপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল করিম আঙ্গুর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আল আকরাম খান মুন্না।
অনুষ্ঠানের শেষে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।