
X
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন
ময়মনসিংহের ভালুকা উপজেলার প্রশাসনিক কার্যক্রমে সমন্বয়, উন্নয়ন প্রকল্পের তদারকি, আইন-শৃঙ্খলা রক্ষা, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা ও জনসেবামূলক কর্মকাণ্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেনের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মাঠ প্রশাসনে সরকারের প্রতিনিধি হিসেবে তাঁর সক্রিয় ভূমিকা ও নেতৃত্বে উপজেলার সরকারি সেবার মান আরও উন্নত হবে বলে আশা করছেন স্থানীয়রা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইউএনও হিসেবে মো. ফিরোজ হোসেন উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও তদারকি, বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বয়, শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা, দুর্যোগ ব্যবস্থাপনা, নির্বাচন পরিচালনায় সহযোগিতা, কৃষি ও সার-বীজ সরবরাহ তদারকি, ভূমি ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারী ও শিশু সুরক্ষা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নসহ বহুমাত্রিক দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া বাল্যবিবাহ, যৌতুক, মাদক ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নেও ইউএনওর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ভালুকা বাজারের ব্যবসায়ী মো. সোহাগ সরকার বলেন, "ভালুকা একটি শিল্পসমৃদ্ধ উপজেলা। তাই উন্নয়ন কাজের মান, ট্রাফিক ব্যবস্থাপনা, বাজার তদারকি, পরিবেশ সংরক্ষণ এবং জনভোগান্তি নিরসনে উপজেলা প্রশাসনের নিয়মিত নজরদারি খুবই সন্তোষজনক ।"
সেবাগ্রহীতারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সেবা নিতে এসে দ্রুত ও আন্তরিক সেবা পাওয়া যাচ্ছে। বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা, অভিযোগ গ্রহণ এবং সমস্যা সমাধানে প্রশাসনের ইতিবাচক মনোভাব তাদের মধ্যে আস্থা তৈরি করেছে। ভবিষ্যতেও এই সেবার ধারাবাহিকতা বজায় রাখার জন্য তারা আশা প্রকাশ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বলেন, "সরকারের সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের প্রধান দায়িত্ব। স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি সেবাপ্রার্থীরা যেন দ্রুত, সহজে এবং হয়রানিমুক্তভাবে সরকারি সেবা পান, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। শিক্ষা, আইন-শৃঙ্খলা, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তাসহ প্রতিটি ক্ষেত্রে জনগণের আস্থা অর্জনই আমাদের অগ্রাধিকার। জনগণের সহযোগিতা থাকলে ভালুকাকে আরও সুশৃঙ্খল, উন্নত ও জনবান্ধব উপজেলায় পরিণত করা সম্ভব।"
সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, সরকারি সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে উপজেলা প্রশাসন আরও কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশাই ভালুকাবাসীর।