
X
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিয়োগপ্রাপ্ত প্রশাসক নূর নবী ভুঁইয়া এবং ইউনিয়ন পরিষদের সদস্যদের গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রূপগঞ্জ ইউনিয়নের ব্রাহ্মণখালী এলাকায় এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবনিয়োগপ্রাপ্ত প্রশাসক নূর নবী ভুঁইয়া ও সদস্যদের বরণ করে নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু।
বক্তারা বলেন, দীর্ঘদিন পর রূপগঞ্জ ইউনিয়নে নতুন প্রশাসনিক দায়িত্বপ্রাপ্তদের মাধ্যমে জনগণ উন্নয়ন, সুশাসন ও স্বচ্ছ সেবার প্রত্যাশা করছে। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসক ও সদস্যদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।
প্রধান অতিথি বাছির উদ্দিন বাচ্চু তার বক্তব্যে বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে দায়িত্বশীলতা, সততা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে। রূপগঞ্জ ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণে প্রশাসক ও সদস্যদের সবসময় জনকল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। তিনি বিএনপির নেতাকর্মীদেরও জনগণের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান বাবুল বলেন, রূপগঞ্জ ইউনিয়নের মানুষের ভালোবাসা ও প্রত্যাশার প্রতিফলনই আজকের এই গণসংবর্ধনা। নতুন প্রশাসক ও সদস্যরা জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রেখে দায়িত্ব পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধনার জবাবে নবনিয়োগপ্রাপ্ত প্রশাসক নূর নবী ভুঁইয়া উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সম্মান ও ভালোবাসা তার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তিনি দল-মত নির্বিশেষে ইউনিয়নের সকল মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের আশ্বাস দেন।
অনুষ্ঠানে রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অনুষ্ঠানে অংশ নিয়ে নবনিয়োগপ্রাপ্ত প্রশাসক ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।
গণসংবর্ধনা শেষে নবনিয়োগপ্রাপ্ত প্রশাসক ও সদস্যদের সম্মানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রূপগঞ্জ ইউনিয়নের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা এবং জনগণের কল্যাণ কামনা করা হয়।