প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৬:১২ পিএম (ভিজিট : ১১৫)

X
রাঙামাটির সিভিল সার্জন
রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
শনিবার (১৮ জুলাই) সকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমা এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে সিভিল সার্জন স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত উন্নয়ন ও চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন। পরে তিনি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের চকপতিঘাট কমিউনিটি ক্লিনিক এবং রাস্তা মাথা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে উপজেলা মাল্টিপারপাস ভবনে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরামর্শ সভায় অংশ নেন তিনি। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমা, আবাসিক মেডিকেল অফিসার ফয়সাল বীন ফেরদৌস, সহকারী সার্জন, সিভিল সার্জনের কার্যালয়ের কর্মকর্তা কিরণ ধর চাকমাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ডা. নূয়েন খীসা চিকিৎসক, নার্স ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানিয়ে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া স্বাস্থ্য বিভাগের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি স্বাস্থ্যসেবাকে মানবতার সেবা হিসেবে উল্লেখ করে সবাইকে পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।
পরিদর্শন শেষে সিভিল সার্জন বলেন, নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা কার্যক্রম সন্তোষজনকভাবে পরিচালিত হচ্ছে। তিনি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।