প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:০৪ পিএম (ভিজিট : ৩২)

X
নিহত আব্দুস শুকুর
পাবনার আতাইকুলায় আব্দুস শুকুর (৪০) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে থানার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়া এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভূলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুস বিশ্বাসের ছেলে রুমি বিশ্বাস বলেন, নিহত আব্দুস শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামাণিকের ছেলে। তিনি ভূলবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে আব্দুস শুকুর বাড়ি থেকে বের হন। এরপর গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন আত্মীয়-স্বজন ও পরিচিতজনের কাছে খোঁজখবর নেন। তবে কোথাও তার সন্ধান মেলেনি।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলে গলাকাটা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবার গিয়ে মরদেহ শনাক্ত করেন।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।