প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৫:০৭ পিএম (ভিজিট : ৫৫)

X
ছবি: প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চালক নবিরুল ইসলাম (৪০) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশাসহ একজনকে আটক করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার উত্তর লক্ষ্মীপুর এলাকার কুর্শাখালী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নবিরুল ইসলাম পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক আকাশ আহম্মেদ (২২) জয়পুরহাটের বাসিন্দা মনোয়ার হোসেনের ছেলে। তিনি বর্তমানে ফুলবাড়ী পৌর এলাকার চকসাহাবাজপুরে তাঁর সৎবাবা শাহজাহানের সঙ্গে বসবাস করতেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার রাত ১০টার দিকে ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড় (শাপলা চত্বর) থেকে দক্ষিন শাহাবাজপুর যাওয়ার কথা বলে তিন ব্যক্তি নবিরুল ইসলামের অটোরিকশায় ওঠেন। পরে উত্তর লক্ষ্মীপুরের কুর্শাখালী রেলগেট এলাকায় পৌঁছালে তারা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। চালক বাধা দিলে তাঁকে ছুরিকাঘাত করে সড়কের পাশে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নবিরুল ইসলামকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ রাত ১টার দিকে অভিযান চালিয়ে ঘোড়াঘাট উপজেলা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ আকাশ আহম্মেদকে আটক করে। তবে তাঁর সঙ্গে থাকা অপর দুই অভিযুক্ত পালিয়ে যান।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অটোরিকশাসহ একজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের চাচা নুরুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।