প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৮:৫০ পিএম (ভিজিট : ২৭)

X
সংগৃহীত ছবি
যশোরে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ উনক্যারেক্স ও স্কাফ সিরাপসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের সদস্যরা। অভিযানে মোট ১ হাজার ৪৩ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স।
আটক ব্যক্তিরা হলেন, শার্শা উপজেলার গোবিন্দপুর বটতলা এলাকার মো. কামাল হোসেনের ছেলে মো. বশির উদ্দিন, একই এলাকার মো. সানাউল্লাহর ছেলে মো. মিনহাজ এবং চ্যাংরালী বাউন্ডারী পাড়া এলাকার মো. হোসেন আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে বশির উদ্দিন ও মিনহাজকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৯৯ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে ২৩ বোতল উনক্যারেক্স এবং ২৭৬ বোতল স্কাফ সিরাপ ছিল।
পরে চ্যাংরালী বাউন্ডারী পাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। তার হেফাজত থেকে আরও ৭৪৪ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। দুটি অভিযান মিলিয়ে মোট ১,০৪৩ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ করা হয়। র্যাবের ভাষ্য, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতীয় নিষিদ্ধ সিরাপ এনে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক কারবারিদের কাছে সরবরাহ করতেন।
আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।