প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১:২৮ পিএম (ভিজিট : ৩২)

X
প্রতীকী ছবি
হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের তিন দিন পর আলী হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত আলি হোসেন উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপর গ্রামের আব্দুল আহাদের ছেলে। তিনি স্থানীয়ভাবে হোটেল বয়ের পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করতেন।
সোমবার সকালে বাড়ির পাশের একটি ক্ষেতে বর্ষার পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিনদিন আগে বাড়ি থেকে হরষপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে আলি হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি তার বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার সন্ধান চেয়ে একাধিক পোস্টও করেন।
সোমবার (২০ জুলাই) সকালে বাড়ির পাশের একটি ক্ষেতে বর্ষার পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা মাধবপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।