কলমাকান্দায় তিন ইউনিয়ন প্লাবিত, পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপরে

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

টানা অতিবৃষ্টি ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ, নাজিরপুর ও লেংগুরা ইউনিয়নের বিস্তীর্ণ

2026-07-20T21:18:27+00:00
2026-07-20T21:18:27+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় তিন ইউনিয়ন প্লাবিত, পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপরে
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৯:১৮ পিএম   (ভিজিট : ৩৬)
কলমাকান্দায় তিন ইউনিয়ন প্লাবিত
X

কলমাকান্দায় তিন ইউনিয়ন প্লাবিত

টানা অতিবৃষ্টি ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ, নাজিরপুর ও লেংগুরা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পাঠদান ব্যাহত হচ্ছে। প্রবল স্রোতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের একাংশ ভেঙে গেছে। তলিয়ে গেছে গ্রামীণ সড়ক, পুকুর ও বসতবাড়ি। দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। এদিকে উপজেলার প্রধান উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সোমবার দুপুর একটার দিকে কলমাকান্দা পয়েন্টে উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ওই পয়েন্টে নদীর বিপৎসীমা ৬ দশমিক ৭৩ মিটার।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত প্রায় দুইটার দিকে হঠাৎ করে পাহাড়ি ঢল নেমে উপজেলার খারনৈ, নাজিরপুর ও লেংগুরা ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খারনৈ ইউনিয়ন। গজারমারি, উত্তর রানীগাঁও, নয়াপাড়া, শ্রীপুর, বাগারগাঁও, তেলিগাঁও, বিশ্বনাথপুর, লক্ষ্মীপুর, বিষ্ণুপুর, গৌরীপুর, বালুচড়া, নলছাপড়া ও ভেলুয়াতলীসহ বিভিন্ন এলাকার সড়ক এবং অনেক বসতবাড়িতে পানি ঢুকে পড়ে।

খারনৈ ইউনিয়নের গজারমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রবল স্রোতে বিদ্যালয় ভবনের একাংশ ভেঙে গেছে। শ্রেণিকক্ষে কোমরসমান পানি জমে আছে। বেঞ্চ, টেবিল, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র পানিতে তলিয়ে রয়েছে। এ ছাড়া বাউসাম, গোবিন্দপুর, বালুচড়া, সেনপাড়া, লক্ষ্মীপুর ও বিষ্ণুপুরসহ অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠেছে। এর মধ্যে গজারমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। কয়েকজন শিক্ষককে নৌকায় করে বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা গেছে।

গজারমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীন ইসলাম বলেন, “বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পানি ওঠায় পাঠদান বন্ধ রয়েছে। প্রবল স্রোতে ভবনের একাংশ ভেঙে যাওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পানি কমলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।”

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন খান বলেন, গজারমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি বেশি থাকায় সেখানে পাঠদান বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠেছে। সেগুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর হক বলেন, পানির চাপে গজারমারী থেকে খারনৈ ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়কের শ্রীপুর এলাকায় অন্তত পাঁচটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া বেশ কিছু ঘরবাড়ি, রাস্তাঘাট ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠেছে। পানিতে প্রায় ১৫টি মাছের পুকুরের মাছ ভেসে যাওয়ায় চাষিরা ক্ষতির মুখে পড়েছেন।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ বলেন, “খারনৈ ইউনিয়নে এখনো পানি রয়েছে। অন্য ইউনিয়নগুলো থেকে ঢলের পানি নামতে শুরু করেছে। ভারী বৃষ্টি বা নতুন করে পাহাড়ি ঢল না নামলে সন্ধ্যার মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, “মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উব্দাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।”

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, “জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy