প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:৪৭ এএম (ভিজিট : ৩৪)

X
সংগৃহীত ছবি
টানা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবারও সংসদ ভবনের দিকে পদযাত্রা করবে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার গভীর রাতে এ ঘোষণা দেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
তিনি বলেন, আন্দোলন চলবে এবং বিক্ষোভকারীরা যন্তর মন্তরের অবস্থান কর্মসূচি থেকে সরে যাবেন না।
সোমবার দিনভর দিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ইন্ডিয়া টুডে ডিজিটাল-এর সঙ্গে কথা বলেন অভিজিৎ দিপকে।
মঙ্গলবারও সংসদ অভিমুখে পদযাত্রা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,'আমরা আবার পদযাত্রা করব। আমরা এই বিক্ষোভস্থল ছেড়ে যাচ্ছি না।
' সোমবার সকালে দিল্লি পুলিশ যন্তর মন্তরে বিক্ষোভকারীদের আগের মঞ্চ সরিয়ে দেয়। পরে সিজেপির কর্মী-সমর্থকেরা আবার সেখানে জড়ো হন। তারা নতুন করে একটি তাঁবু এবং অস্থায়ী মঞ্চ তৈরি করে আন্দোলন শুরু করেন। গত ৬ জুন থেকে সিজেপির নেতাকর্মীরা যন্তর মন্তরে অবস্থান করছেন।
তাদের প্রধান দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। এর আগে একই দাবিতে শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশন শুরু করেছিলেন।
পরে তাকে আটক করে সফদরজং হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সোমবার বৃষ্টির মধ্যেও আন্দোলন চালিয়ে যান বিক্ষোভকারীরা। বৃষ্টিতে ভিজে অভিজিৎ দিপকে অন্য নেতাদের সঙ্গে মানবশৃঙ্খলের সামনে দাঁড়িয়ে স্লোগান দেন।
বিক্ষোভস্থলে থাকা সিজেপির নেতারা জানান, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। তারা বলেন, পরবর্তী কর্মসূচি নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।