প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬:২৬ পিএম (ভিজিট : ৫৩)

X
প্রস্তুতিমূলক সভা
একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব টেকসই তারাকান্দা গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকদের অংশগ্রহণে "ক্লিন তারাকান্দা, গ্রিন তারাকান্দা" কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১.৩০ মিনিটে তারাকান্দা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসকের আয়োজনে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মো:আমিনুল ইসলাম এর সভাপতিত্বে কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যালয়ভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি, প্লাস্টিক ও একবার ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার হ্রাস, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম বলেন,বিদ্যালয় শুধু শিক্ষা অর্জনের স্থান নয়; এটি দায়িত্বশীল, মানবিক মূল্যবোধসম্পন্ন ও পরিবেশ সচেতন সুনাগরিক গড়ে তোলার অন্যতম ভিত্তি। তাই শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে পরিচ্ছন্নতা ও সবুজায়নের এই উদ্যোগ তারাকান্দার প্রতিটি পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি।
পরিচ্ছন্ন ও সবুজ তারাকান্দা বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সরকারি দপ্তর, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সর্বস্তরের নাগরিকের সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জীবন আরা বেগম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার শ্রীবাস চন্দ্র, মাকসুদা দীপাসহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রধান,জন প্রতিনিধি, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।