প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:৪৩ পিএম (ভিজিট : ৩৬)

X
র্যাব-১৪
ময়মনসিংহে র্যাব-১৪ এর পৃথক অভিযানে নেত্রকোনার কলমাকান্দা থানার পর্নোগ্রাফি মামলার এক আসামি এবং ময়মনসিংহ কোতোয়ালি থানার ডাকাতি প্রস্তুতি ও ছিনতাই মামলার দুই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৪ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুলাই বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে ঢাকার শাহজাহানপুর থানা এলাকা থেকে কলমাকান্দা থানার মামলার আসামি এবং ময়মনসিংহ সদর এলাকা থেকে আদালতের ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, নেত্রকোনার কলমাকান্দা থানার পর্নোগ্রাফি মামলার আসামি আল আমিন (৪০), কোতোয়ালি থানার ডাকাতি প্রস্তুতি মামলার আসামি রাহুল ওরফে সুলতান (২১) এবং ছিনতাই মামলার আসামি মো. ইয়াছিন (২৫)।
র্যাব জানায়, কলমাকান্দা থানার মামলার এজাহার অনুযায়ী, পারিবারিকভাবে বিয়ের আলোচনা চলাকালে ভুক্তভোগীর সঙ্গে আল আমিনের পরিচয় হয়। এ সময় ভুক্তভোগীর কিছু ছবি সংগ্রহ করেন তিনি। পরে ভুক্তভোগীর অন্যত্র বিয়ে হলে সেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় আদালতের নির্দেশে গত ৬ জুলাই কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়।
এদিকে, রাহুল ওরফে সুলতান কোতোয়ালি থানার ডাকাতি প্রস্তুতি মামলার এবং মো. ইয়াছিন ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৪ জানায়, গ্রেপ্তার তিনজনই দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।