প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮:৪১ পিএম (ভিজিট : ৬২)

X
একসাথে দুইটি বাছুর প্রসব
একটি গাভী সাধারণত একবারে একটি বাছুর জন্ম দেওয়ার ঘটনা সচরাচর দেখা গেলেও টাঙ্গাইলের ভূঞাপুরে একটি দেশি গাভী একসঙ্গে দুইটি বাছুর প্রসব করেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার নিকলা নয়াপাড়া গ্রামের মোঃ শাহীন মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। বাছুর দুটিকে একনজর দেখতে এলাকার উৎসুক মানুষ ভিড় করছে।
গাভীটির মালিক মোঃ শাহীন মিয়া বলেন, আমি গত কয়েক বছর আগে থেকে গরু লালন পালন করে আসছি। সেখান থেকে একটি গাভী কৃত্রিম প্রজননের মাধ্যমে গর্ভবতী হয়। সকাল ৮টার দিকে গাভীটি প্রথমে একটি বাছুর প্রসব করে এবং ১০-১৫ মিনিট পরে আরও একটি বাছুর প্রসব করে। বাছুর দুটি ও তার মা সুস্থ আছে।
গাভীটির মালিক মোঃ শাহীন মিয়ার স্ত্রী ফরিদা বেগম বলেন, আমি ৭ বছর ধরে গাভী পালন পালন করে আসছি কিন্তু কোনদিন দুইটি করে বাছুর হয়নি। গাভীটিকে দেখে বোঝা যায়নি যে, একসঙ্গে দুটি বাছুর হবে। আলহামদুলিল্লাহ, আমি একসঙ্গে দুটি বাছুর পেয়ে খুব খুশি।
বাছুর দেখতে আসা শফিকুল ইসলাম ও পল্লী চিকিৎসক বেলাল হোসেন বলেন, একসঙ্গে দুটি বাছুর হওয়ার ঘটনা এর আগে শুধু শুনেছি কিন্তু আমি কখনও দেখিনি। তাই শোনামাত্র দেখতে এসেছি। এসে দেখি আসলেই সত্যি ঘটনা।
এসময় এসিআই লাইভস্টক এসিস্ট্যান্ট নাছির ইকবাল বাবু বলেন, আমি গাভীটিকে গত নয় মাস আগে এসিআই কোম্পানির শাহিওয়াল জাতের সিমেন দিয়ে কৃত্রিম প্রজনন করেছিলাম। আজ সকালে গাভীটি দুটি ষাড় বাছুর প্রসব করেছে। গাভী এবং বাছুর দুইটি সুস্থ আছে। তিনি আরো বলেন, আমার ৭ বছরের চিকিৎসা সময়ে এই প্রথম একটি গাভী দুটি বাছুর প্রসব করেছে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জাফরুল হাসান রিপন বলেন, এই ঘটনাটি আপনার মাধ্যমে জানতে পারলাম। এটা একটা স্বাভাবিক ব্যাপার। তবে এ ঘটনা সাধারণত দেখা যায় না। একসঙ্গে একটি গাভীর দুটি বাছুর প্রসবের ঘটনা নিঃসন্দেহে একটি ভালো খবর। এতে গরুর মালিক লাভবান হয়েছে। গাভীটি ও বাছুর দুটি লালন পালনের ক্ষেত্রে উপজেলা প্রাণিসম্পদ অফিস তাদের পাশে থাকবে সবসময়।