প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:১২ পিএম (ভিজিট : ২৭)

X
ছবি : প্রতিনিধি
নেত্রকোনার আটপাড়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’ এর উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৫ জুলাই) দুপুর ২টায় উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এ সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।
প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “শিক্ষার মানোন্নয়ন ছাড়া কোনোভাবেই উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠন করা সম্ভব নয়। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই চলবে না; বরং তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও অগাধ দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, যুগোপযোগী ক্যারিয়ার গড়তে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। এর পাশাপাশি আধুনিক ও তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষার্থীদের আরও এগিয়ে আসতে হবে। কেন্দুয়ার শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’ এর মতো উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক ছহীহ্ শাফির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. শাহনুর রহমান, আটপাড়ার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি,ল এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম।
সমাবেশে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও সুধী সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলার বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক
উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত প্রাণবন্ত এই সমাবেশে বিপুল সংখ্যক উৎসাহী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন। আধুনিক শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।