প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৩:৪১ পিএম (ভিজিট : ২৭)

X
ছবি : প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়া পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে প্রতি মাসের ব্যবহৃত বিদ্যুৎ ইউনিট সমন্বয় না করে অস্বাভাবিক বিদ্যুৎ বিল লিপিবদ্ধ করার অভিযোগ করেছেন এক ভুক্তভোগী।
রবিবার (২৬ জুলাই) এ অভিযোগ করেন উপজেলার আশুজিয়া ইউনিয়নের আশুজিয়া গ্রামের মো. রহিছ মিয়ার ছেলে অটোরিকশা চালক মো. আব্দুল কাইয়ুম ।
গত মে, জুন ও চলতি জুলাই মাসে তার বিদ্যুৎ বিল লিপিবদ্ধ হয়েছে যথাক্রমে ৪৪১ টাকা , ৬০৩ টাকা ও ৫২৫৮ টাকা । এ সময়ের বিলের কাগজে প্রথম মাসে বিদ্যুৎ ইউনিট ৭৫, দ্বিতীয় মাসে ৯০ এবং তৃতীয় মাসে অর্থাৎ চলতি জুলাই মাসে ৫০০ ইউনিট দেখা যায় ।
ভুক্তভোগী মো. আব্দুল কাইয়ুম বলেন, মিটারের রিডিং ঠিক আছে । আগে প্রতি মাসে বিল আসতো ১২শ' টাকার মতো ৷ কিন্তু গত তিন মাসে ববহৃত বিদ্যুৎ ইউনিট ৬৫,৯০ ও ৫০০ এই সমন্বয়হীনতা কেনো -জানতে চাই । তাছাড়া আমাকে জরিমানা করা হয়েছে ৮শত টাকা । আমি এর থেকে রেহাই চাই ।
তিনি আরো বলেন, বিশেষ করে জুলাই মাসের বিদ্যুৎ বিলের কারণে আমি চাপে পড়েছি । এক সাথে এত বিল আমি দিতে না পারায় জরিমানাও করা হয়েছে আমাকে ।
এ বিষয়ে কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. ওমর ফারুক মুঠোফোনে বলেন, দয়া করে ভুক্তভোগীকে অফিসে পাঠান । আমি দেখছি কী করা যায় । তিনি আরো বলেন, কেনো এমন হলো- এ সম্পর্কে প্রয়োজনে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে ।