প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৩:৫৩ পিএম (ভিজিট : ৩৫)

X
ছবি : প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল কবির টুটুল (৪৬) উপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভেড়ামারা শহরের গোডাউন মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোডাউন মোড় এলাকার একটি চায়ের দোকানে বসে কথা বলছিলেন আনোয়ারুল কবির। এ সময় কয়েকটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি এসে তার ওপর হামলা চালায়।
চাইনিজ কুড়াল দিয়ে তার মাথায় কোপ দেওয়া হয়। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে আরও কয়েকজন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই তিনি ঢাকায় চলে যান।
এর আগে গত ২৯ জুন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাংগঠনিক কার্যক্রম ও দলীয় সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন আনোয়ারুল কবির টুটুল। তিনি ভেড়ামারা উপজেলা জাসদের সদস্য, যুব জোটের সহ-সভাপতি এবং কেন্দ্রীয় যুব জোটের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদত্যাগের ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে গুলির কোনো আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।