প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৪:৫৪ পিএম (ভিজিট : ২৬)

X
ছবি: প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে বিলের পানিতে পড়ে নিখোঁজ হওয়ার সাড়ে ৩ঘন্টা পর এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৬জুলাই) দুপুর দেড় টার দিকে উপজেলা সদরের বেলবাড়ি গ্রামের বিল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে গরুর ঘাস কেটে বাড়ি ফেরার পথে নৌকা থেকে ওই বিলের পানিতে পড়ে নিখোঁজ হন আব্দুল মন্ডল (৫৫) নামের ওই কৃষক। মৃত আব্দুল মন্ডল বেলবাড়ি গ্রামের ইব্রাহীম মন্ডলের ছেলে।
খবর পেয়ে প্রায় সাড়ে ৩ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন বিলের পানি থেকে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টার দিকে আব্দুল মন্ডল ও তার স্ত্রী নৌকা নিয়ে গ্রামের ওই বিলের মধ্যে গরুর ঘাস কাটতে যান। ঘাস কাটা শেষে নৌকায় বাড়ি ফিরছিল তারা দু’জন। এসময় সেখানে রাখা তাদের খরের পালা থেকে কিছু খরও নিয়েছিলেন তাদের নৌকায়।
কিন্তু অসাবধানতায় নৌকা থেকে আব্দুল মন্ডল পানিতে পড়ে গেলে তার স্ত্রী স্থানীয় লোকজনকে ডাকতে থাকে। খবর পেয়ে লোকজন ছুটে গিয়ে আব্দুল মন্ডল কে খুঁজতে থাকে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল এসে স্থানীয়দের সাথে যোগ দেয়।
অবশেষে সাড়ে ৩ঘন্টা চেষ্টার পর দুপুরে বিলের পানি থেকে আব্দুল মন্ডলকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া মন্ডল বলেন, অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।