প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২:৫৭ পিএম (ভিজিট : ৩১)

X
চৌধুরী রুবেল
লক্ষ্মীপুরে বেপরোয়া গতির ড্রামট্রাকের সঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নামে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ভোরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে শহরের মজুচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রুবেল লক্ষ্মীপুর পৌর শহরের জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বাঞ্চানগর গ্রামের ফারুক হোসেনের বড় ছেলে।
স্থানীয়রা জানায়, রুবেল সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। শহরের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে একটি দ্রুতগতির ড্রামট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে তার হাত-পা ও মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না বলেন, সাবেক ছাত্রদল নেতা রুবেল ড্রামট্রাক চাপায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রুবেলের মৃত্যুতে ছাত্রদলের পক্ষ থেকে শোক জানাচ্ছি।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনার পর দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত একজন ঢাকায় মারা যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।