
X
ফাইল ছবি
প্রায় এক দশক পর ভারতীয় মুদ্রা ব্যবহারের নিয়মে বড় পরিবর্তন আনল নেপাল। এখন থেকে ভারতীয় ও নেপালি নাগরিকরা বৈধভাবে ২০০ ও নতুন নকশার ৫০০ রুপির ভারতীয় নোট নেপালে আনতে ও সেখান থেকে নিয়ে যেতে পারবেন। ২০১৬ সালে ভারতের নোটবন্দির পর ১০০ রুপির বেশি মূল্যমানের ভারতীয় নোটের ওপর যে নিষেধাজ্ঞা জারি হয়েছিল, নতুন সিদ্ধান্তের মাধ্যমে তার অবসান ঘটল।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত বৃহস্পতিবার পুনরায় নেপালের কেন্দ্রীয় ব্যাংক নেপাল রাষ্ট্রীয় ব্যাংক (এনআরবি) পুনরায় জারি করা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০১৬ সালের ৯ নভেম্বর বা তার পর ইস্যু করা ২০০ ও নতুন নকশার ৫০০ রুপির ভারতীয় নোট একজন ব্যক্তি সর্বোচ্চ ২৫ হাজার রুপি পর্যন্ত নেপালে আনতে বা নেপাল থেকে নিয়ে যেতে পারবেন। তবে এ ক্ষেত্রে দেশটির বিদ্যমান বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিমালা মেনে চলতে হবে।
যদিও প্রয়োজনীয় বিধিমালা প্রণয়নের পর গত ১১ ফেব্রুয়ারি নেপাল গেজেটে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল, তবে নিয়মগুলো আবারও স্পষ্ট করতে এবং বাস্তবায়ন বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দিতে এনআরবি নতুন করে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে।
এনআরবির মুখপাত্র গুরু প্রসাদ পাউডেল গত শনিবার বলেন, নেপালি নাগরিকরা ভারত ছাড়া অন্য কোনও দেশ থেকে ভারতীয় মুদ্রা নিয়ে নেপালে প্রবেশ করতে পারবেন না। একইভাবে নেপাল থেকেও ভারত ছাড়া অন্য কোনও দেশে ভারতীয় মুদ্রা নিয়ে যাওয়া যাবে না।
তিনি বলেন, নতুন এ ব্যবস্থা নেপাল ভ্রমণকারী ভারতীয় পর্যটক এবং ভারতের সঙ্গে বাণিজ্য ও ব্যবসায় যুক্ত নেপালি নাগরিকদের জন্য সুবিধাজনক হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নেপালি নাগরিক ও বিদেশি দর্শনার্থীরা কোনও ধরনের শুল্ক ঘোষণা ছাড়াই সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার বা সমমূল্যের অন্য বিদেশি মুদ্রা নেপালে আনতে পারবেন। তবে এর বেশি অর্থ আনলে নেপালে প্রবেশের সময় কাস্টমসে তা ঘোষণা করতে হবে।
গুরু প্রসাদ পাউডেল বলেন, ভারতীয় মুদ্রার ক্ষেত্রে ১০০ রুপি বা তার কম মূল্যমানের নোট হলে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ কাস্টমসে ঘোষণা ছাড়াই আনা যাবে। তবে এর বেশি হলে কাস্টমসে ঘোষণা দেয়া বাধ্যতামূলক।
ভারত ২০১৬ সালের ৮ নভেম্বর ৫০০ ও ১ হাজার রুপির নোট বাতিল করে। পরে নতুন নকশার ৫০০ রুপির নোট চালু করা হয় এবং ২ হাজার রুপির নতুন নোট বাজারে আনা হয়। যদিও পরবর্তীতে ২ হাজার রুপির নোটও প্রত্যাহার করা হয়েছে।
ভারতের ওই সিদ্ধান্তের পর নেপাল ১০০ রুপির বেশি মূল্যমানের ভারতীয় নোটের প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করে। তখন ভারতীয় মুদ্রা বহনের সর্বোচ্চ সীমা ২৫ হাজার রুপি অপরিবর্তিত থাকলেও, কার্যত ১০০ রুপি বা তার কম মূল্যমানের নোটই বহন করা যেত।
সংশোধিত বিধিমালা অনুযায়ী, ভারতীয় ও নেপালি নাগরিকরা এখন ২০১৬ সালের ৯ নভেম্বর বা তার পর ইস্যু করা ২০০ রুপির নোট এবং নতুন নকশার ৫০০ রুপির ভারতীয় নোট বহন করতে পারবেন। তবে একজন ব্যক্তি সর্বোচ্চ ২৫ হাজার রুপি পর্যন্ত এসব নোট নেপালে আনতে বা সেখান থেকে নিয়ে যেতে পারবেন।
তবে ২০১৬ সালের ৯ নভেম্বরের আগে ইস্যু করা পুরোনো নকশার ৫০০ ও ১ হাজার রুপির ভারতীয় নোটের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। নেপালের এ সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যে ভ্রমণ, সীমান্তবর্তী বাণিজ্য এবং দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উল্লেখ্য, ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিনের উন্মুক্ত সীমান্ত এবং ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। ভারত নেপালের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং দেশটির পর্যটন খাতের অন্যতম প্রধান উৎস। পাশাপাশি কর্মসংস্থান, শিক্ষা, ব্যবসা ও চিকিৎসাসহ বিভিন্ন কারণে প্রতিবছর বিপুল সংখ্যক নেপালি নাগরিক ভারতে যাতায়াত ও বসবাস করেন। নতুন এ সিদ্ধান্ত তাদের সীমান্ত পারাপার ও আর্থিক লেনদেনকে আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে।