প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:৩১ পিএম (ভিজিট : ২৫)

X
অটোরিকশা উপহার
কুমিল্লার চৌদ্দগ্রামে ভাইয়ের সংসারে স্বচ্ছলতা ফেরাতে একটি অটোরিকশা কিনে দিলেন দুই বোন। সোমবার (২৭শে জুলাই) বিকেলে চৌদ্দগ্রাম থানা প্রাঙ্গনে অটোরিকশাটি পুলিশের উপস্থিতিতে হস্তান্তর করা হয়।
জানা গেছে, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের গুজরা গ্রামের সালাউদ্দিন সুজন বিভিন্ন কারণে তাঁর পৈত্রিক সম্পত্তি বিক্রি করে নিঃস্ব হয়ে পড়ে। সন্তানসহ পরিবার নিয়ে কষ্টে দিনাতিপাত করায় বোন খুরশীদ জাহান শিউলী ও খাদিজা আক্তার পপি তাঁর সহযোগিতায় এগিয়ে আসে। তারা সালাউদ্দিন সুজনের জীবিকা নির্বাহের জন্য সোমবার বিকেলে একটি অটোরিকশা কিনে দেন। ভবিষ্যতে অটোরিকশাটি বিক্রি করতে পারবে না মর্মে উপস্থিত আত্মীয় স্বজনের সামনে পুলিশকে স্বাক্ষী রেখে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সালাউদ্দিন সুজন বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন অটোরিকশা চালিয়ে সংসার জীবন অতিবাহিত করতে পারি।
বোন খুরশীদ জাহান শিউলী ও খাদিজা আক্তার পপির ভাষ্য, ভাই টাকা-পয়সা ও সম্পত্তি শেষ করে দেউলিয়া হয়ে গেছে। সংসার ঠিকভাবে চালাতে আমরা অটোরিকশাটি কিনে দিয়েছি।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক জামাল হোসেন বলেন, সালাউদ্দিন সুজনের কষ্ট দেখে বোনেরা একটি অটোরিকশা হস্তান্তর করেছে। সমাজে এটা ভালো কাজের দৃষ্টান্ত।