প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:৪৪ পিএম (ভিজিট : ৩১)

X
অসহায়দের মাঝে চাল বিতরণ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী, আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপি নেতা ওবাইদুল হক রোকন (সিআইপি)। তাঁর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার বরমা ইউনিয়নের কেশুয়া রাস্তার মাথা এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ওয়ার্ডের বন্যাদুর্গত ও হতদরিদ্র পরিবারের হাতে চাল তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা মাহবুবুল করিম সোহেল, বরমা ইউনিয়ন পরিষদের সদস্য আনিসুর রহমান এবং স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
এ সময় সিআইপি রোকন চৌধুরী বলেন, সাম্প্রতিক টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শঙ্খ নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করায় চন্দনাইশের দুটি পৌরসভা ও আটটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন আহমেদের পক্ষ থেকে বন্যাকবলিত মানুষের পাশে থাকার অংশ হিসেবে এই ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। যতদিন প্রয়োজন, ততদিন সাধ্য অনুযায়ী সহায়তা চালিয়ে যাওয়ার চেষ্টা করব।
ত্রাণ পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, আকস্মিক বন্যায় খাদ্যসংকটে পড়া অনেক পরিবারের জন্য এই সহায়তা স্বস্তি এনে দিয়েছে।