প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:১৬ পিএম (ভিজিট : ২৭)

X
ছবি : প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাব কর্তৃক উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আল আমিন সরকারকে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ে তাঁকে এ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় ।
উপজেলা প্রকৌশলী পদ থেকে পদোন্নতি পেয়ে তিনি নির্বাহী প্রকৌশলী হিসেবে ময়মনসিংহ অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ে বদলি হয়েছেন।
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দুয়া প্রেসক্লাবে সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা, সিনিয়র সদস্য মো. আশরাফ উদ্দিন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দিল বাহার খান এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সাত্তার ও সদস্য সাংবাদিক মুজিবুর রহমান প্রমুখ।
বক্তারা ইঞ্জিনিয়ার আল আমিন সরকারের সততা, নিষ্ঠা ও দক্ষতার প্রশংসা করে বলেন, দীর্ঘ কর্মজীবনে তিনি কেন্দুয়া উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নতুন কর্মস্থলেও তিনি একই নিষ্ঠা, সততা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিদায়ী বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. আল আমিন সরকার সংবর্ধনার জন্য কেন্দুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দুই মেয়াদে প্রায় ১০ বছরেরও বেশি সময় কেন্দুয়ায় দায়িত্ব পালন করেছি। এই এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করার চেষ্টা করেছি। এখানকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমি সবসময় স্মরণে রাখব।
অনুষ্ঠান শেষে কেন্দুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মো. আল আমিন সরকারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য, বিভিন্ন সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।