প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:৩৫ পিএম (ভিজিট : ৬৬)

X
কাউন্টার টেররিজম ইউনিটের একটি টিম আজ শেলগুলো নিষ্ক্রিয় করে
লক্ষ্মীপুরের রামগতিতে উদ্ধার হওয়া ৩টি মর্টার শেল একদিন পর নিষ্ক্রিয় করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপির) কাউন্টার টেররিজম ইউনিটের একটি টিম উদ্ধারকৃত শেলগুলো নিষ্ক্রিয় করে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোঃ মোদাচ্ছের কায়সারের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম উপজেলার সেবাগ্রাম ফজলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন মেঘনা নদীর পাড়ে নিষ্ক্রিয় করণ কাজে অংশগ্রহণ করে।
এসময় তারা বেষ্টনী তৈরি করে নিরাপত্তা জোরদার করেন। বিস্ফোরণের সময় ১০ ফুট গভীর গর্ত খুঁড়ে বালি ভর্তি করে বিস্ফোরণ ঘটান। এর ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই শেলগুলো নিষ্ক্রিয় করা সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, বুধবার (২৯ জুলাই) দুপুরে রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তাজল ওসি সড়কের পানির লাইনে মাটি খুঁড়ে মেরামতের কাজ করতে গিয়ে তিনটি মর্টার শেল সদৃশ বস্তু দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক পৌরসভার উপ-প্রকৌশলী রিফাত হাসান বিষয়টি পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান ঘটনাস্থলে পৌঁছে বেষ্টনী তৈরি করে নিরাপত্তার সার্থে সড়কের দুই দিকে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেন। ওইসময় তিনি জেলা পুলিশ সুপারকে বিষয়টি জানান এবং বোম ডিসপোজাল টিমকে খবর দেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, গতকাল উদ্ধার হওয়া অবিস্ফোরিত মর্টার শেল সদৃশ বস্তুগুলোর চারদিকে নিরাপত্তা বেষ্টনী বানানো হয়েছিল। আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের একটি টিম এসে সেগুলো মেঘনা নদীর পাড়ে নিষ্ক্রিয় করে।
এর আগে গতকাল তিনি (ওসি) গণমাধ্যমকে বলেছিলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো মর্টার শেল। তবে এগুলো অনেক পুরোনো কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। কারণ, অনেক পুরোনো হলে সাধারণত মর্টার শেলে জং ধরে যাওয়ার কথা, কিন্তু এগুলোতে তেমন জং দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে কিছুটা দ্বিধা রয়েছে। সেনাবাহিনী ও পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত মতামত দেবে।